ব্রেকিং:বাংলাদেশে নতুন বাজেট ঘোষণা

উৎসবমুখর পরিবেশে মাজুখানে আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রবিউল আলম, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:৬ জুন, ২০২৬০ মন্তব্য
উৎসবমুখর পরিবেশে মাজুখানে আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় মাজুখান উত্তর পাড়া ক্রীড়াপ্রেমী যুবকদের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।


ফুটবলপ্রেমীদের কাছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের নামে আয়োজিত এই ম্যাচ উপভোগ করতে বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে দর্শকরা মাঠে ভিড় জমাতে থাকেন। মাঠজুড়ে ছিল দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান আর প্রাণবন্ত উপস্থিতি। তরুণদের পাশাপাশি শিশু, কিশোর ও বয়স্ক দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক মিলনমেলায়।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে পুরো ম্যাচ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে খেলোয়াড়রাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। পুরো ম্যাচজুড়ে শৃঙ্খলাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন অংশগ্রহণকারী খেলোয়াড়রা।


শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২–০ গোলের ব্যবধানে জয় লাভ করে আর্জেন্টিনা দল। জয়ের পর আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসে মাঠজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অপরদিকে ব্রাজিল দলও খেলায় চমৎকার পারফরম্যান্স দেখিয়ে দর্শকদের প্রশংসা কুড়ায়।


খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এড. নজরুল ইসলাম খান বিকি।

এসময় তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, মাজুখানের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস মিয়া,পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল খান, মোহাম্মদ ওসমান খান ও সুমন দেওয়ান,পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাবু,৪০ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ রাজু আহমেদ, পূবাইল থানা বিএনপি নেতা হারেজ আলী এবং সততা বেকারীর স্বত্বাধিকারী মোঃ আজহার মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিপুল সংখ্যক তরুণ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রশংসা করেন উপস্থিত অতিথি ও দর্শকরা।


আয়োজকরা জানান, মাজুখান উত্তর পাড়া এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

i

এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।

রবিউল আলম, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার

রবিউল আলম, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।

Advertisementবিজ্ঞাপন

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন