ব্রেকিং:বাংলাদেশে নতুন বাজেট ঘোষণা

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতার

নিজস্ব প্রতিবেদক১৬ জুলাই, ২০২৬০ মন্তব্য
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতার

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম। 


তিনি বলেন, শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করা যাবে না এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই তাদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।


বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারের নিচে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং মহানগরের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নিয়ামত উল্লাহ শাকেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব।


বক্তব্যে আব্দুল হালিম বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদরা বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন কোনো একক দলের দায়িত্ব নয়; বরং সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে।


তিনি বলেন, সংবিধান সংস্কারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিকল্প নেই। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে সব রাজনৈতিক শক্তিকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।


রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছি। আমরা সংঘাত চাই না, প্রতিহিংসার রাজনীতি চাই না; চাই জাতীয় ঐক্য ও রাজনৈতিক সহনশীলতা।"


বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও ভাষা বোঝার চেষ্টা করতে হবে এবং জুলাই শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি করা যাবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের মতো বিষয়ে দেওয়া কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে সরে আসা হয়েছে।


শহীদ পরিবারের প্রতি জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলটি দায়িত্ববোধ থেকেই শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং এর বিনিময়ে কোনো প্রতিদান প্রত্যাশা করেনি।


বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুর রব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা জাতির গৌরব। তাদের স্বপ্ন বাস্তবায়নে সুশাসন, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।


সভায় আরও বক্তব্য দেন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ.স.ম. ফারুক, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসেন মন্ডল, টঙ্গী পূর্ব থানা আমীর নজরুল ইসলাম, গাছা থানা আমীর মোহাম্মদ নিয়াজ উদ্দিন এবং সদর মেট্রো থানা আমীর ছাদেকুজ্জামান খান।


সভাপতির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন বলেন, জুলাই গণঅভ্যুত্থান জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে তার রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে।

i

এই সংবাদটির তথ্য নির্ভর কিনা — নিচে মন্তব্য করে জানান।

নিজস্ব প্রতিবেদক

স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক এশিয়ান টাইমস ২৪-এর একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি সারাদেশ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করেন। তাঁর লেখা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরে।

Advertisementবিজ্ঞাপন

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন