ঢাকাSunday , 29 March 2026
  • অন্যান্য
  1. Desh News
  2. অর্থনীতি
  3. আইন ও অপরাধ
  4. আন্তর্জাতিক
  5. উপজেলা সংবাদ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ধর্ম ও জীবন
  12. নারী ও শিশু
  13. পরিবেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন

সাগরেই শেষ ইউরোপের স্বপ্ন: গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

সাগরপথে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের তিন উপজেলার ১০ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জগন্নাথপুর উপজেলার ৫ জন, দিরাই উপজেলার ৪ জন ও দোয়ারাবাজার উপজেলার একজন।

গ্রিসের উদ্দেশে রওনা দেওয়া নৌযানটিতে ৪৩ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহত ব্যক্তির এক স্বজন।

এর আগে গ্রিক কোস্ট গার্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, গত শুক্রবার রাতে ক্রিট দ্বীপের কাছে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে। তাঁদের মধ্যে একজন নারী এবং এক শিশু রয়েছে। কোস্ট গার্ড নিশ্চিত করেছে, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানি এবং একজন চাদের নাগরিক।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের শামছুল হকের ছেলে ইজাজুল হক, একই গ্রামের দুলু মিয়ার ছেলে মো. নাঈম, টিয়ারগাঁওয়ের শায়েক আহমেদ, পাইলগাঁওয়ের আমিনুর রহমান ও ইছাগাঁওয়ের মোহাম্মদ আলী।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে মো. নূরুজ্জামান সরদার ময়না, আব্দুল গণির ছেলে সাজিদুর রহমান, ইসলাম উদ্দিনের ছেলে সাহান এহিয়া ও একই উপজেলার রাজানগর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান এবং দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আবু ফাহিম।

স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিদের বহনকারী নৌযানটি সপ্তাহখানেক আগে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে রওয়ানা দেয়। নৌযানটি পথ হারিয়ে সাগরেই পাঁচ-ছয় দিন আটকা পড়েছিল। পথহারা অবস্থায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে অনেকে মারা যান। মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই সুনামগঞ্জের বলে জানা গেছে।

জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের নিহত ইজাজুল হকের নিকটাত্মীয় নজরুল ইসলাম জানিয়েছেন, লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকায় ৪৩ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জন মারা গেছেন। ২৩ মার্চ লিবিয়া থেকে নৌযানটি যাত্রা শুরু করার চার দিন পর গতিপথ হারিয়ে ফেলে। পরে খাবারের সংকটে অনেকে মারা যান। পরে দুর্গন্ধ শুরু হলে লাশ সাগরে ফেলে দেওয়া হয়। দালালের মাধ্যমে তাঁর নিকটাত্মীয় ইজাজুল হক গ্রিসে যাত্রা করেছেন বলে জানতে পেরেছেন তাঁরা।

তিনি জানিয়েছেন, জানুয়ারির ২২ তারিখে ইজাজুল হককে তাঁরা বাড়ি থেকে পাঠিয়েছেন। ২১ মার্চ নৌকাটি গ্রিসের উদ্দেশে রওনা দিলেও দালাল তাঁদেরকে ২৩ তারিখ পর্যন্ত আটকে রাখেন। তাঁরা নৌকায় থাকা একজনের ভিডিও ফুটেজ থেকে মৃত্যুর খবরটি জানতে পেরেছেন।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের ইউপি সদস্য সানুর মিয়া বলেন, ‘নিহত ব্যক্তিদের চারজনের তিনজনই আমাদের গ্রামের। তাঁরা দালালের মাধ্যমে প্রায় দুই-আড়াই মাস আগে বাড়ি থেকে রওনা দেন। পরে সাগরপথেই তাঁদের মৃত্যু হয়েছে।’

চিলাউরা হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল বলেন, ‘জগন্নাথপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আমার ইউনিয়নের আছে দুজন। তাঁরা সবাই লিবিয়া থেকে গ্রিস যেতে চেয়েছিলেন।’

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, ‘নৌযানে থাকা জীবিতদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, মৃত অবস্থায় দুই দিন নৌযানে থাকার পর যখন দুর্গন্ধ শুরু হয়, তখন লাশগুলোকে সাগরে ফেলে দেওয়া হয়। এর মধ্যে দিরাই উপজেলার চারজন আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।’

সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার বলেন, ‘সাগরপথে মৃত্যুর সুনির্দিষ্ট তথ্য আমাদের জানা নেই। আমরা শুধু মিডিয়ার মাধ্যমে ১০ জনের মৃত্যুর তথ্য জেনেছি। সুনির্দিষ্ট তথ্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি।

সর্বশেষ - Desh News

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত দিয়েছিল ‘ডিপ স্টেট’, জানালেন আসিফ

৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর জানাজা

গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে প্রাণ গেল অধ্যক্ষের

অপপ্রচার, গ্রেফতার ও পাল্টা অভিযোগে উত্তপ্ত গাছা: আইনি লড়াইয়ে বিএনপি নেতা

সাগরেই শেষ ইউরোপের স্বপ্ন: গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

গেটের টাকার সংঘর্ষে ভেস্তে গেল বিয়ের আনন্দ, খাবার পাহারায় ৯০ বছরের বকুল বিবি

নিরপেক্ষ দায়িত্ব পালনে সরকার ও দলের পদ থেকে পদত্যাগ করেছি: ডেপুটি স্পিকার