মো: ইয়াছিন মোল্যা, ফরিদপুর: ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় কুমার নদে ডুবে তাসনিম আলম তাজ (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজ ফরিদপুর তারার মেলা মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ও গৃহিণী রূপা আক্তারের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে মেজ। তাদের বাড়ি ফরিদপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটি লক্ষ্মীপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সমবয়সী বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই খেলতে গিয়ে অসাবধানতাবশত কুমার নদে পড়ে যায় তাজ। সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। পরে অন্য শিশুরা বিষয়টি পরিবারকে জানালে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, বাদ এশা কমলাপুর মাটিয়া গোরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।















