নিজস্ব প্রতিবেদক:: ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। আজ মঙ্গলবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবা সপ্তাহ, পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তাঁকে স্বাগত জানান। প্রধান অতিথি প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন। এরপর তিনি প্যারেড পরিদর্শন করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ফয়সালুর রহমান। প্যারেড শেষে নবীন স্টেশন অফিসার, ফায়ারফাইটার, ড্রাইভার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্টদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হওয়ায় তাদের শপথ বাক্য পাঠ করান পিও কাম অ্যাডজুটেন্ট সাইদুল আলম চৌধুরী। শপথ গ্রহণ শেষে বুনিয়াদি প্রশিক্ষণে উত্তীর্ণ চৌকশ কর্মকর্তা-কর্মচারীদের চৌকশ পদক এবং বীরত্বপূর্ণ কাজের জন্য রাষ্ট্রীয় পদকে ভূষিতদের মধ্য থেকে ২০ জনকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের প্রতি গুরুত্বারোপ করেন। ফায়ারফাইটারদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্ঘটনা-দুর্যোগে আপনারা সবার পাশে সবার আগে উপস্থিত হন। জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। এ কারণে মানুষ আপনাদের দুঃসময়ের বন্ধু মনে করে।
প্রধান অতিথির ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিদুর্ঘটনাসহ যেকোনো দুর্যোগে পেশাদারি মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ফায়ার সার্ভিস জাতির আস্থা অর্জন করেছে। সকল দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া ‘স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত’ এই প্রতিষ্ঠানটি আমাদের একটি গর্বের বাহিনী হিসেবে স্বীকৃত। সক্ষমতা বাড়ানোর সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার বিষয়েও তিনি সরকারের আন্তরিক সদিচ্ছার কথা ব্যক্ত করেন।
মার্চ পাস্টের মাধ্যমে প্যারেড সমাপ্তির পর প্রধান অতিথি কনটিনজেন্ট সদস্যদের সাথে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সবশেষে তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ, ফায়ার সার্ভিসের পরিচালকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯ মে কেন্দ্রীয় পর্যায়ে উদ্বোধনের পর ২০ মে থেকে ২২ মে পর্যন্ত তিন দিনব্যাপী সারা দেশে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদযাপিত হবে।

















