স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভিসি নিয়োগকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী, পাঁচ পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। রোববার শহীদ মিনারে নবনিযুক্ত ভিসি সমর্থিত শিক্ষার্থী, আন্দোলনকারী ও পুলিশের মধ্যে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেন বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা।
এ নিয়ে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় বিক্ষোভ। রোববার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড কর্মসূচি ব্যানারে বিক্ষোভের ডাক দেয় আন্দোলনরত ছাত্ররা। তারা শহীদ মিনারে জড়ো নবাগত ভিসির সমর্থিত ছাত্রদের সাথে আন্দোলনকারীদের ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।
শিক্ষার্থীদের দাবি, ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।
সদর মেট্রো থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি, আমিসহ ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।














